
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিপুরের ভাঙ্গা উপজেলার ১২নং চন্দ্রা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে এলাকায় নিজের অবস্থান জানান দিতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে গত কাল গ্রীস থেকে দেশে ফিরেছেন সলিলদিয়া সেবা ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ লিটন বেপারী।
১২নং চন্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে লিটন বেপারী গত কাল দেশে পৌঁছানোর পর থেকেই সলিলদিয়া গ্রামসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন। দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে তিনি এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বার্তায় লিটন বেপারী ১২নং চন্দ্রা ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “নাড়ির টানে প্রবাস থেকে আপনাদের মাঝে ফিরে এসেছি। প্রবাসে থাকলেও আমার মন সবসময় পড়ে থাকত এই মাটির মানুষের কাছে। আমি আপনাদেরই সন্তান, আপনাদের সেবা করার সুযোগ চাই।”
তিনি আরও বলেন, “সলিলদিয়া সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারলে চন্দ্রা ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এই ঈদ সবার জীবনে আনন্দ ও ভ্রাতৃত্ব নিয়ে আসুক। সবাইকে ঈদ মোবারক।”
এলাকার সাধারণ ভোটারদের মতে, লিটন বেপারী দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ করে আসছেন। তার আগমনে নির্বাচনী মাঠে নতুন এক আমেজ সৃষ্টি হয়েছে।