ফরিদপুরের ভাঙ্গায় কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে পরিবেশের ক্ষতি করার দায়ে দুই ভেকু মালিককে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের বিস্তারিত: আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের জাহানপুর এবং কাউলিবেড়া ইউনিয়নের পড়ারন এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সদরুল আলম সিয়াম।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিগণ: ১. রেজাউল মৃধা: ধর্মদী গ্রামের আব্দুল মালিক মৃধার ছেলে। তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
২. রিয়াজুল ফকির: আবদুল্লাহবাদ গ্রামের হাকি ফকিরের ছেলে। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ভেকু দিয়ে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট এবং আবাদি ফসলি জমির অপূরণীয় ক্ষতি করা হচ্ছিল। এই অপরাধে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের করে জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়।
ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়েছে। এছাড়া, অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে স্থানীয় বাজার মনিটরিং করেন।