
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জনমতের প্রতিফলন ঘটিয়ে জোটের একক প্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরেছেন মাওলানা মিজানুর রহমান মোল্যা। বাংলাদেশ ইসলামী আন্দোলন জোট থেকে সরে যাওয়ায় এই গুরুত্বপূর্ণ আসনে নৈতিক ও আদর্শিক রাজনীতির পতাকাবাহী দল বাংলাদেশ খেলাফত মজলিসের এই প্রার্থীর নাম এখন আলোচনার শীর্ষে।
১৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার পুলিয়া গ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মাওলানা মিজানুর রহমান তাঁর দৃঢ় অবস্থানের কথা জানান। এ সময় তিনি উল্লেখ করেন, জোটগত সমীকরণে বর্তমানে তিনিই এই আসনের একমাত্র বলিষ্ঠ প্রার্থী।
সংবাদ সম্মেলনে মাওলানা মিজানুর রহমান কেবল নিজের প্রার্থিতা নয়, বরং তাঁর দল বাংলাদেশ খেলাফত মজলিসের ইতিবাচক ও শান্তিকামী রাজনীতির দিকটিও তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় ইনসাফ ও ন্যায়বিচার কায়েমের রাজনীতি করে। আমরা মানুষের সেবা এবং নৈতিক সমাজ গঠনে বিশ্বাসী। ফরিদপুর-৪ আসনের মানুষ এখন পরিবর্তন চায় এবং খেলাফত মজলিসের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে।”
মাওলানা মিজানুর রহমান জামায়াতের প্রার্থীর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেন, জামায়াতের ঘোষিত তালিকায় এই আসনের প্রার্থীর নাম না থাকায় আশা করা যায় তাঁরা বৃহত্তর ঐক্যের স্বার্থে খেলাফত মজলিসকে সমর্থন দিয়ে একত্রে কাজ করবেন। তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ বিজয়ী হয়ে এই আসনে একটি আদর্শিক মডেল জনপদ গড়ে তুলবো।”
সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশা করেন। তিনি ভোটারদের আশ্বস্ত করেন যে, খেলাফত মজলিস জয়ী হলে সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ফরিদপুর-৪ আসনে যে আটজন প্রার্থী বৈধ ঘোষিত হয়েছেন, তাদের মধ্যে মাওলানা মিজানুর রহমান মোল্যার পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং খেলাফত মজলিসের তৃণমূল ভিত্তি তাঁকে অন্যদের থেকে সুবিধাজনক অবস্থানে রেখেছে।